ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩ জন বিশিষ্ট অধ্যাপককে সদস্য হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে সরকার। নবগঠিত এই বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই অধ্যাপককে আগামী দুই বছরের জন্য এ পদে মনোনয়ন দেওয়া হয়।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকার মনোনীত ৩ অধ্যাপক হলেন:
- অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ।
- অধ্যাপক মো. সোহেল রানা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
- অধ্যাপক নাহরিন ইসলাম খান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও ২৪(৩) ধারার বিধিসমূহ অনুযায়ী ‘বিশিষ্ট অধ্যাপক’ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সোহেল রানাকে সিন্ডিকেট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, একই আইনের ২৪(১)(ঙ) ও ২৪(৩) ধারার বিধান সাপেক্ষে ‘প্রথিতযশা ব্যক্তি’ ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে উক্ত সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, সরকারের এই মনোনীত তিন অধ্যাপক আগামী ২ বছর মেয়াদকাল জুড়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁদের অর্পিত দায়িত্ব পালন করবেন।
