GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / লাইফ স্টাইল / হাততালির ৫টি বৈজ্ঞানিক উপকারিতা

হাততালির ৫টি বৈজ্ঞানিক উপকারিতা

হাততালি সাধারণত আনন্দ, উচ্ছ্বাস কিংবা কারো প্রতি সমর্থন প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও, ছন্দের সঙ্গে হাততালি দেওয়ার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে নানা উপকার মিলতে পারে। সম্প্রতি জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ছন্দের সঙ্গে হাততালি দিলে ইতিবাচক অনুভূতি বাড়ার পাশাপাশি শব্দ ও শরীরের নড়াচড়ার মধ্যে দারুণ সমন্বয় তৈরি হয়।

২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রীড়া চিকিৎসা ও শারীরিক সুস্থতাবিষয়ক সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। হোক্কাইডো স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, রিউতসু কেইজাই বিশ্ববিদ্যালয় এবং কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়ের গবেষক যথাক্রমে তাকেমুনে ফুকুইয়ে, কাজুয়া সুয়াবে, সাতোশি কাওয়াসে ও কোশিরো ইনোয়ে এই যৌথ গবেষণা পরিচালনা করেন। এতে ৩৩ জন সুস্থ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশগ্রহণ করেন। গবেষণায় ছন্দের সঙ্গে হাততালি দেওয়া এবং হাততালি ছাড়া একই ধরনের নড়াচড়ার প্রভাব তুলনা করে দেখা যায়, যারা ছন্দের সঙ্গে হাততালি দিয়েছেন তাদের মানসিক প্রফুল্লতা অনেক বেশি ছিল।

গবেষকদের তথ্য অনুযায়ী, নিয়মিত ও ছন্দবদ্ধ হাততালির সম্ভাব্য ৫টি প্রধান উপকারিতা রয়েছে:

১. মেজাজ ভালো রাখতে সাহায্য করে

জাপানি গবেষণায় দেখা গেছে, ছন্দের তালে হাততালি দেওয়ার সময় অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক অনুভূতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায়। এটি দৈনন্দিন মেজাজ প্রফুল্ল রাখতে দারুণ ভূমিকা পালন করতে পারে।

২. মানসিক চাপ কমায়

হাততালির সঙ্গে মানসিক চাপ কমানোর সম্পর্কের বিষয়টি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিষয়ক প্রকাশনাতেও উঠে এসেছে। ২০২৫ সালের ১ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে হাসির ব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলনের পাশাপাশি হাততালি দেওয়া এবং অঙ্গভঙ্গি করার কথা উল্লেখ করা হয়, যা মানসিক চাপ বা স্ট্রেস কমাতে অত্যন্ত কার্যকরী।

৩. শব্দ ও শরীরের নড়াচড়ার সমন্বয় ঘটায়

ছন্দের সঙ্গে হাততালি দিলে মানুষের শ্রবণ ইন্দ্রিয় ও শারীরিক অঙ্গভঙ্গির মধ্যবর্তী যোগাযোগের ভারসাম্য বৃদ্ধি পায়, যা সার্বিক শারীরিক সমন্বয়ে সাহায্য করে।

৪. সামাজিক সংযোগ তৈরি করে

দলগত হাততালির প্রভাব নিয়ে ২০২২ সালে ব্রিটিশ সামাজিক মনোবিজ্ঞানবিষয়ক সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণার তথ্যানুযায়ী, দলবদ্ধভাবে হাততালি দিলে মানুষের মধ্যে সামাজিক মেলবন্ধন ও মানসিক ঐক্যের অনুভূতি তৈরি হয়। স্পেনের মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষক আন্না জ্লোবিনা ও মারিয়া সেলেস্তে দাভিলা মোট ৮১৯ জন শিক্ষার্থীর ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছান।

৫. হালকা শারীরিক কার্যকলাপ

হাতের সুনির্দিষ্ট নড়াচড়ার কারণে হাততালিকে এক প্রকার হালকা কায়িক পরিশ্রম বা ব্যায়াম হিসেবে গণ্য করা যায়।

তবে গবেষকরা স্পষ্ট করেছেন যে, শুধু হাততালি দিলেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ থেকে মুক্তি কিংবা কোনো জটিল রোগের নিরাময় সম্ভব—এমন দাবি করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি। ফলে হাততালিকে কোনো মেডিকেল চিকিৎসার বিকল্প না ভেবে, দৈনন্দিন জীবনে আনন্দদায়ক ও ছন্দভিত্তিক একটি হালকা শারীরিক চর্চা হিসেবে বিবেচনা করাই শ্রেয়।

Social Icons