নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত বাসে ধারালো অস্ত্রের মুখে এক জঘন্য ডাকাতির ঘটনা ঘটেছে। বাসের চালকের বুকে বড় ছুরি ঠেকিয়ে ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে প্রায় ২৫ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন লুট করে নিয়েছে পাঁচ ডাকাত।
শুক্রবার রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় স্ট্যান্ড এলাকায় সিফাত পরিবহনের জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী একটি বাসে এ ডাকাতি হয়।
ক্ষতিগ্রস্ত যাত্রীরা জানান, রাত ১০টার দিকে জামালপুর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সাইনবোর্ড এলাকায় কিছু যাত্রী নেমে যাওয়ার পর বাসটি ভুইগড় পৌঁছালে সেখানেও যাত্রী নামানো হচ্ছিল। এ সময় অতর্কিতভাবে পাঁচজন লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে বাসে উঠে পড়ে। ডাকাত দলের সদস্যরা চালকের বুকে বড় ছুরি ধরে পুরো বাসের নিয়ন্ত্রণ নেয় এবং বাসে থাকা নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রীর কাছ থেকে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার কাউন্টার কর্মী বিপ্লব জানান, ডাকাতির ঘটনার পর রাত সাড়ে ৩টার দিকে বাসটি তাদের কাউন্টারে এসে পৌঁছালে আকস্মিক এই সর্বস্বান্ত হওয়ার কথা জানান ভুক্তভোগী যাত্রীরা।
ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, অপরাধীরা স্থান ত্যাগ করার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় বাসচালক বা ভুক্তভোগী যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
