যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গোসল করা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এক শিক্ষার্থীর কানের পর্দা ফাটিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁরই সহপাঠীর বিরুদ্ধে। ভুক্তভোগী জুয়েল আল ইমরান বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (৩ অক্টোবর) বিচার ও শাস্তির দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযুক্ত শিক্ষার্থী তানভীর হক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র। লিখিত অভিযোগ থেকে জানা যায়, শুক্রবার দুপুরে ওয়াশরুমে গোসল করাকে কেন্দ্র করে জুয়েলের সঙ্গে তানভীরের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিকেলে বিষয়টি নিয়ে ক্যাম্পাসের বাইরে আমতলা মোড়ে দুই পক্ষের বন্ধুরা মীমাংসার জন্য বসলে তানভীর আচমকা উগ্র রূপ ধারণ করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তানভীর সজোরে জুয়েলের বাম কানে থাপ্পড় মারেন এবং বুকে লাথি মেরে তাঁকে নিচে ফেলে দেন।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার দীপক কুমার মণ্ডল জানান, প্রাথমিক পরীক্ষায় জুয়েলের কানের পর্দা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পর্দা ছিদ্র হয়ে ভেতরে রক্ত জমে আছে। দ্রুত জরুরিভিত্তিতে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
