
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিগত সরকারের আমলে পুঁজিবাজারে সংঘটিত অনিয়ম ও কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বেক্সিমকো গ্রিন সুকুক এআই ইস্টিসনা এবং আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড সংক্রান্ত তদন্তে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য এবং সাবেক কমিশনার ড. শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে তিনি সংসদে জানান, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের জুন পর্যন্ত এসব খাতে অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা হতে পারে বলে তিনি উল্লেখ করেন। সরকার জনগণ, কৃষি ও উৎপাদন খাতকে সুরক্ষা দিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, ঋণ জালিয়াতি, অর্থ পাচার ও অনিয়মিত ঋণ গ্রহণজনিত ঝুঁকি মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক একাধিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বড় ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতেও কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, খেলাপি ঋণ আদায়ে নীতিগত সহায়তা দেওয়া হয়েছে এবং ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পৃথক সার্কুলার জারি করা হয়েছে। পাশাপাশি উচ্চ শ্রেণিকৃত ঋণ থাকা ব্যাংকগুলোর জন্য রেজল্যুশন কৌশলও প্রণয়ন করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে ১১টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলা চিহ্নিত করে বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। এসব তদন্তের মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ সংযুক্ত ও অবরুদ্ধ করা হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে নতুনভাবে ‘স্টোলেন অ্যাসেট রিকভারি ডিভিশন’ গঠন করা হয়েছে, যা প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।





