শেরপুরের নালিতাবাড়ীতে টানা ১০ বছর ধরে জর্দার কৌটায় জমানো ২ লাখ টাকা পচে নষ্ট হয়ে যাওয়ায় চরম নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন মনোয়ারা বেগম।
নালিতাবাড়ী পৌরশহরের পুরাতন জেলখানা রোড এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম ও তার প্রয়াত স্বামী জিয়া উদ্দীন অল্প অল্প করে এই টাকা জমিয়েছিলেন।
তিন মাস আগে স্বামী মারা যাওয়ার পর এবং ভোগাই নদী থেকে পাথর তোলার কাজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটিতে তীব্র আর্থিক সংকট দেখা দেয়।
সম্প্রতি সংসার চালানোর তাগিদে জর্দার কৌটাটির মুখ কেটে জমানো সঞ্চয় বের করতে গিয়ে তিনি দেখেন ভেতরে থাকা ১ হাজার টাকার সব নোট পচে টুকরো টুকরো হয়ে গেছে।
দীর্ঘ এক দশক ধরে নিজেরা কষ্ট করে জমানো শেষ সম্বলটুকু নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়েন সহায় সম্বলহীন এই বিধবা নারী।
স্থানীয় বাসিন্দারা জানান, মিষ্টির কারিগর স্বামী ও পাথর সংগ্রাহক স্ত্রীর এই জমানো ২ লাখ টাকাই ছিল বর্তমান কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার শেষ ভরসা।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, বিষয়টি সম্পর্কে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছেন।
তিনি আরও জানান যে আইনিভাবে পচে যাওয়া টাকা পরিবর্তনের সুযোগ না থাকলেও ভুক্তভোগী নারী আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহযোগিতা করা হবে।



