GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / বিনোদন ও সংস্কৃতি / বিনোদন / অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার আশঙ্কা নিয়ে যা বললেন রাধিকা আপ্তে ও বিজয় বর্মা

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার আশঙ্কা নিয়ে যা বললেন রাধিকা আপ্তে ও বিজয় বর্মা

পর্দায় অন্তরঙ্গ বা সাহসী দৃশ্যে অভিনয় করা যেমন একধরনের বড় চ্যালেঞ্জ, তেমনি সেই দৃশ্যগুলো মূল সিনেমা বা ওটিটি প্ল্যাটফর্মের বাইরে অনাকাঙ্ক্ষিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও কম নয়। ২০১৬ সালে বহুল আলোচিত ‘পার্চড’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর তীব্র উদ্বেগে দিন কাটিয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় এবং অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ঝুঁকি নিয়ে পুনরায় খোলামেলা কথা বলেছেন রাধিকা আপ্তে ও জনপ্রিয় অভিনেতা বিজয় বর্মা।

এক সাক্ষাৎকারে রাধিকা আপ্তে জানান, মূল কাজের বাইরের এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি একজন শিল্পীর নিয়ন্ত্রণে থাকে না। তাই এ নিয়ে সবসময় দুশ্চিন্তা না করে কাজের মূল উদ্দেশ্য এবং পরিচালকের দৃষ্টিভঙ্গির ওপর আস্থা রাখাই শ্রেয়।

সদ্য প্রকাশিত ‘লাস্ট স্টোরিজ ৩’-এ সহশিল্পী আলি ফজলের সঙ্গে একটি স্পর্শকাতর ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা। এ ধরনের কাজের পেছনের ঝুঁকি নিয়ে তিনি বলেন, “যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের বিষয়ে তো কিছু করার থাকে না। আমরা তো আর বাড়ি বাড়ি গিয়ে বলতে পারি না যে আপনারা এসব করবেন না। তাই অন্তরঙ্গ দৃশ্যে কাজ করার সময় ফাঁস হয়ে যাওয়ার সম্ভাব্য ঝুঁকিটা জেনেই আমাদের সামনে এগোতে হয়।”

অন্যদিকে ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের পরিচালিত পর্বে তৎকালীন প্রেমিকা তমন্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় বর্মা। পরবর্তীতে তাঁদের সেই দৃশ্যগুলোর ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াতে দেখা যায়।

পর্দার এ ধরনের কাজ ও তার পরবর্তী নেতিবাচক প্রতিক্রিয়া কীভাবে সামলান—তা নিয়ে কথা বলতে গিয়ে বিজয় বর্মা জানান, “অভিনয় করার সময় দর্শক কীভাবে দৃশ্যটিকে নেবেন, সেই ভাবনাটুকুকে মাথা থেকে পুরোপুরি বাদ দিতে হয়। এমন দৃশ্য ছড়িয়ে পড়াটাই বর্তমান ডিজিটালের এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। কিন্তু ফাঁস হওয়ার ভয়কে যদি মনের মধ্যে প্রাধান্য দিই, তবে নতুন কিছু করার সাহস হারিয়ে যাবে এবং শিল্পী হিসেবে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হবে না।”

উভয় তারকাই মনে করেন, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তি ও ফাঁস হওয়ার চরম ঝুঁকি থাকা সত্ত্বেও সেই ভয়কে জয় করেই অভিনয়শিল্পী হিসেবে তাঁদের নতুন নতুন চরিত্রে কাজ চালিয়ে যেতে হয়।

Social Icons