GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / জামাইকে ন্যাম ভবন থেকে গ্রেপ্তারের খবর মিথ্যা ও কাল্পনিক: জামায়াত এমপি আব্দুল গফুর

জামাইকে ন্যাম ভবন থেকে গ্রেপ্তারের খবর মিথ্যা ও কাল্পনিক: জামায়াত এমপি আব্দুল গফুর

রাজধানীর ‘নিউগিনি প্রপার্টিজে’ হামলা ও ভাঙচুরের মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন এমপি নিজে। নিজের সরকারি বাসভবন থেকে জামাতাকে গ্রেপ্তারের খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে গণমাধ্যমে এক আনুষ্ঠানিক প্রতিবাদ বিবৃতি পাঠিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের কাছে এমপি আব্দুল গফুরের দেওয়া এই বিবৃতিটি পাঠানো হয়।

বিবৃতিতে সংসদ সদস্য আব্দুল গফুর উল্লেখ করেন, মাটিকাটার একটি বাসভবন থেকে তাঁর জামাতা মিজানুর রহমানকে গ্রেপ্তারের তথ্য কেন্দ্র করে প্রকাশিত সংবাদের প্রতি তাঁর দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তিনি বলেন, “ঢাকায় মাটিকাটায় আমার নিজস্ব কোনো ব্যক্তিগত বাসা নেই; আমি সরকারিভাবে বরাদ্দকৃত ‘ন্যাম ভবন’-এ অবস্থান করি। অথচ প্রকৃত সত্য যাচাই না করে আমার নাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও কাল্পনিক সংবাদ পরিবেশন করা হয়েছে, যা রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চরম অপচেষ্টা।”

জামাতা মিজানুর রহমানের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে এমপি গফুর বলেন, “মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়টি তার সম্পূর্ণ নিজস্ব ও ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয়। এর সঙ্গে আমার বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিন্দুমাত্র কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একটি ব্যক্তিগত বাণিজ্যিক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।”

ঘটনাক্রমের বিবরণ দিয়ে তিনি জানান, ‘নিউগিনি প্রপার্টিজে’র মালিক সাইফুল ইসলামের কাছে মিজানুর রহমানের দীর্ঘদিনের পাওনা টাকা বকেয়া ছিল। পাওনা টাকা আদায় করতে না পেরে মিজানুর রহমান আইনানুগভাবে থানায় মামলা করলে বাধ্য হয়ে মালিক কিছু টাকা পরিশোধ করেন। তবে অবশিষ্ট টাকা না দিতে সাইফুল ইসলাম উল্টো একটি মামলা করেন, যা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়ে আদালতে খারিজ হয়।

প্রতিবাদ বিবৃতিতে তিনি আরও বলেন, সম্প্রতি ওই প্রতিষ্ঠানে যে ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে তাঁর জানা মতে মিজানুর রহমানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। ‘নিউগিনি প্রপার্টিজে’র মালিক সাইফুল ইসলাম পাওনা টাকা না দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাজানো ঘটনার আশ্রয় নিয়ে মিথ্যা মামলায় মিজানুরকে ফাঁসিয়েছেন বলে তিনি দাবি করেন।

পরিশেষে, কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত ও একতরফা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে প্রকৃত তথ্য যাচাই-বাছাইপূর্বক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ইতোমধ্যে প্রকাশিত অসত্য তথ্য দ্রুত সংশোধনের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এই সংসদ সদস্য।

Social Icons