দেশে সারের কোনো বাস্তব ঘাটতি নেই দাবি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, যে সমস্ত জেলা থেকে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে প্রতিনিধি নির্বাচিত হয়েছে, শুধুমাত্র সেই সমস্ত জেলাতেই সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন করতেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা হইচই সৃষ্টি করে কৃত্রিম এ সংকট তৈরি করছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষার্থে তাঁর বসতবাড়ি উন্নয়ন, আবু সাঈদ ফাউন্ডেশনের নিজস্ব ভবন নির্মাণ এবং কবরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ১ কোটি টাকা বরাদ্দের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “দেশের চলমান অভূতপূর্ব উন্নয়ন কর্মসূচিগুলোকে থমকে দিতে ও বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের অশুভ চেষ্টা চলছে। দেশের পরিবেশ অস্থিতিশীল করতেই বিরোধী দলসমূহ সাধারণ মানুষকে নানা বিষয়ে বিভ্রান্ত করছে।”
বিরোধী জোনের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে কটাক্ষ করে তিনি আরও বলেন, “লংমার্চের মাধ্যমে যদি দেশের তেল কিংবা গ্যাস সংকটের সমাধান সম্ভব হতো, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান আগেই সারা দেশে লংমার্চের ডাক দিতেন।”
কবর জিয়ারত ও পারিবারিক সাক্ষাৎ শেষে পীরগঞ্জ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বড়দরগা থেকে ভেন্ডাবাড়ী বাজার’ পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার আরও ১০ কিলোমিটার সমন্বিত সড়ক উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
