GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / ‘আওয়ামী লীগের সঙ্গে ১১ দলীয় জোট দেশকে অস্থিতিশীল করছে’

‘আওয়ামী লীগের সঙ্গে ১১ দলীয় জোট দেশকে অস্থিতিশীল করছে’

পরিকল্পিত নানা নাশকতামূলক কর্মকাণ্ড ও সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যশোরে ঝটিকা প্রতিবাদ মিছিল ও বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের মনিহার বাস স্ট্যান্ড এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও আরএন রোড প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্তের অংশ হিসেবে তথাকথিত ঐক্যজোটের আড়ালে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও কয়েকটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পায়তারা করছে।

বক্তারা চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে ককটেল বিস্ফোরণ কিংবা অস্থিতিশীলতা তৈরি করে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ফেলার স্বপ্ন বাস্তবায়িত হবে না; যেকোনো মূল্যে রাজপথে অপশক্তিকে প্রতিহত করা হবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে জেল-জুলুম সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে এবং শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত এ সরকার দেশের অর্থনীতি পুনর্গঠনে দিনরাত কাজ করে যাচ্ছে।

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, শহিদুল বারী রবু এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

Social Icons