কুমিল্লার আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক সাদেকুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে পালিয়ে যাওয়া আসামির নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, পালিয়ে যাওয়া আসামির নাম রুবেল। তিনি নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের কোটালিয়া গ্রামের শাহ আলমের ছেলে।
জানা গেছে, নাঙ্গলকোট থানায় নারী নির্যাতনের একটি মামলায় রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করতে নাঙ্গলকোট থানা পুলিশের এক সদস্যের সঙ্গে আদালত চত্বরে আনা হয়।
আদালত চত্বরে পৌঁছানোর পর কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যান রুবেল।
এদিকে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে জানতে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
