ক্যারিয়ারে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে ১০০তম গোল করার পাশাপাশি দলকে ক্যাম্পেওনেস কাপের শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা। এই ট্রফি জয়ের ফলে তার ক্যারিয়ারের মোট শিরোপার সংখ্যা দাঁড়িয়েছে ৪৮টি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দক্ষিণ ফ্লোরিডায় ইন্টার মায়ামির মাঠে ক্যাম্পেওনেস কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জেতে ইন্টার মায়ামি।
ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের সহায়তায় হেড থেকে গোল করেন মেসি। ইন্টার মায়ামির হয়ে ১১৫তম ম্যাচে এটি ছিল তার ১০০তম গোল।
বিরতির পরও ম্যাচে প্রভাব ধরে রাখেন মেসি। তার নেওয়া নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে ইন্টার মায়ামির ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে মেসির দল।
২০১৮ সাল থেকে এমএলএসের চ্যাম্পিয়ন ও মেক্সিকান প্রিমেরা ডিভিশনের চ্যাম্পিয়নদের মধ্যে ক্যাম্পেওনেস কাপ অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে আটলান্টা ইউনাইটেড, কলম্বাস ক্রু, নিউইয়র্ক সিটি এফসি ও ক্লাব আমেরিকা এই ট্রফি জিতেছিল। এবার প্রথমবারের মতো শিরোপাটি জিতল ইন্টার মায়ামি।
এই শিরোপা জয়ের পর মেসির ক্যারিয়ারের মোট ট্রফি দাঁড়িয়েছে ৪৮টিতে। এর মধ্যে ক্লাব পর্যায়ে ৪২টি এবং আর্জেন্টিনার হয়ে ৬টি শিরোপা রয়েছে।
ক্লাব ক্যারিয়ারে মেসি সবচেয়ে বেশি ৩৫টি ট্রফি জিতেছেন বার্সেলোনার হয়ে। এর মধ্যে রয়েছে ১০টি লা লিগা, সাতটি কোপা দেল রে ও চারটি চ্যাম্পিয়নস লিগ। প্যারিস সেন্ট জার্মেইর হয়ে জিতেছেন তিনটি শিরোপা।
ইন্টার মায়ামির হয়ে মেসির ট্রফির সংখ্যা এখন চারটি। এগুলো হলো লিগস কাপ, এমএলএস সাপোর্টার্স শিল্ড, এমএলএস কাপ ও ক্যাম্পেওনেস কাপ।
আর্জেন্টিনার হয়ে মেসির শিরোপা ছয়টি। এর মধ্যে রয়েছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমা। এছাড়া অলিম্পিক স্বর্ণপদক ও ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও তার আন্তর্জাতিক সাফল্যের তালিকায় রয়েছে।
অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার ট্রফির সংখ্যা ৩৫টি।
ক্যাম্পেওনেস কাপ জয়ের পর এখন মেসিদের নজর এমএলএসে। সেখানে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে ইন্টার মায়ামি। রোববার রাতে ঘরের মাঠে সান দিয়েগো এফসির বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে দলটি।


