ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
চলতি বছরের ২ আগস্ট সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বেলায়েত হোসেন। দায়িত্ব নেওয়ার মাত্র ১ মাস ১৯ দিন পর তিনি পদত্যাগ করলেন।
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ধারাবাহিক পদত্যাগ
বেলায়েত হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে সম্প্রতি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ধারাবাহিকতা অব্যাহত থাকল।
এর আগে ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন।
এর দুই দিন আগে, ৭ সেপ্টেম্বর, একযোগে পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তারা হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
এছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র দেন বলে জানা যায়।
জুনে একযোগে পদত্যাগ
এর আগে গত জুনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দেন।
সাম্প্রতিক সময়ে একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের মধ্যে সর্বশেষ বেলায়েত হোসেনের পদত্যাগের ঘটনা সামনে এলো।
