GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর ফেনী সফরে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফেনী সফরে জেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফরের মধ্য দিয়ে জেলাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে পরশুরামের ঘাটঘর এলাকায় পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। সফর উপলক্ষে গৃহীত সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন পরিবেশমন্ত্রী।

পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমান সরকার গঠনের মাত্র ছয় থেকে সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী জেলা সফরে আসছেন। এ সফরকে ঘিরে ফেনীবাসীর উন্নয়নমূলক বিভিন্ন প্রত্যাশা তৈরি হয়েছে।

ফেনীবাসীর উন্নয়ন ও বিভিন্ন দাবি

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবেশমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর কাছে ফেনীবাসীর মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, লালপোল ফ্লাইওভার ও মুছাপুর রেগুলেটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়েই এসব দাবি পূরণ হবে বলে আমরা গভীরভাবে আশাবাদী।”

প্রস্তুতি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Social Icons