GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / জাতীয় / বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে সম্মত দুই দেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারে সম্মত দুই দেশ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সফররত অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে দুই দেশের প্রতিনিধিরা ঐতিহাসিক ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা ইতিবাচক দিক তুলে ধরেন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, প্রতিরক্ষা প্রযুক্তিগত সহায়তা ও কৌশলগত যোগাযোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সামগ্রিক আলোচনায় দুই পক্ষই আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে উচ্চতর সামরিক প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদে অসাধারণ পেশাদারিত্ব, সাহসিকতা ও গৌরবোজ্জ্বল অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে উভয় দেশের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব সামনে আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা গত কয়েক বছরে দুই দেশের সামরিক সহযোগিতার ইতিবাচক অগ্রগতির জন্য মেজর জেনারেল ক্রিস স্মিথকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এই সফরের মাধ্যমে দুই দেশের সেনাবাহিনীর পেশাগত বন্ধন আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে।

Social Icons