জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো প্রকার রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
তার ভাষ্য মতে, নিউ গিনি প্রপার্টিজের বিতর্কিত জমি নিয়ে পক্ষগুলোর দীর্ঘদিনের মুখোমুখি বিরোধ ও দখলের জেরেই মূলত এই অনভিপ্রেত হামলার সূত্রপাত ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই ব্যাখ্যা তুলে ধরেন। রাশেদ খানের এই দাবির পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও প্রাথমিক তদন্তে জানিয়েছে, নিউ গিনি প্রপার্টিজ সংলগ্ন সীমানা ও জায়গা সংক্রান্ত দ্বন্দ্বের জেরেই এই সহিংস ঘটনার উৎপত্তি হতে পারে।
রাশেদ খান তার ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য উল্লেখ করে বলেন, নিউ গিনি প্রপার্টিজের পাশেই সাবেক কিছু সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে, যার মধ্যে ৮ কাঠা জমি নিয়ে দীর্ঘদিনের টানাাপোড়েন বিদ্যমান। অভিযোগে উঠে এসেছে, বিগত দিনে প্রভাব বিস্তার করে নিউ গিনি প্রপার্টিজের মালিক ও সাবেক আওয়ামী লীগ ঘনিষ্ট নাজিম উদ্দীন (যিনি পরবর্তীতে আন্দোলন সংশ্লিষ্ট মামলায় কারাবাসও করেছেন) ওই জমি দখল করে রেখেছিলেন।
সম্প্রতি সালমান মুক্তাদির সেই নাজিম উদ্দীনের মালিকানাধীন ভবন থেকে প্রায় ৫ হাজার স্কয়ার ফিটের একটি স্পেস ভাড়া নিয়ে নিজের মাল্টিমিডিয়া স্টুডিও নির্মাণ করেন। কিন্তু নিউ গিনি প্রপার্টিজের প্রধান তিনটিতে অতিরিক্ত নতুন গেট স্থাপন করায় অন্য জমির মালিকদের যাতায়াত পথ রুদ্ধ হয়ে পড়ে, যার ফলে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ পেশিশক্তি খাটিয়ে গেট ভাঙতে যায়। ভাঙচুরের একপর্যায়ে ভুলবশত নাজিম উদ্দীনের অংশ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতে তাণ্ডব চালানো হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, পুরো বিষয়টি ছিল অত্যন্ত অনাকাঙ্ক্ষিত; জমির প্রকৃত মালিক হিসেবে সাবেক কর্মকর্তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল, যা না করে তারা প্রতিপক্ষের মতো পেশিশক্তি দেখিয়েছেন এবং পরিস্থিতিকে ঘোলাটে করে বিএনপিকে দোষারোপ করার সুযোগ তৈরি করে দিয়েছেন।
পোস্টের শেষে তিনি সালমান মুক্তাদিরের প্রতি আহ্বান জানান—কোনো রাজনৈতিক দলকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদা দাবির দায়ে অভিযুক্ত না করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রকৃত সত্য তুলে ধরা উচিত। একই সাথে জুলাই অভ্যুত্থানের সহযোগী হিসেবে সালমান মুক্তাদিরের সাথে ঘটে যাওয়া এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের কঠোর শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।
