মাদারীপুরের ডাসারে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে রুপা আক্তার (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন তার সৌদি প্রবাসী স্বামী। নিখোঁজের পাঁচ দিন পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, গত ১৫ সেপ্টেম্বর বিকালে রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে তার বাবা ফেরদাউস মোল্লা ওই রাতেই ডাসার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সঙ্গে ছিল স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল
রুপার স্বামী আশিক মাতুব্বর দাবি করেছেন, বাড়ি থেকে বের হওয়ার সময় রুপা স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল সঙ্গে নিয়েছিলেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
রুপা আক্তার ডাসার উপজেলার পশ্চিম কোমলাপুর গ্রামের সৌদি প্রবাসী আশিক মাতুব্বরের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামে।
উদ্ধারের চেষ্টা করছে পুলিশ
ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ জানান, গৃহবধূ নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।






