GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / আন্তর্জাতিক / ভারতের ভিসা এখন সহজ, জানালেন উপহাইকমিশনার

ভারতের ভিসা এখন সহজ, জানালেন উপহাইকমিশনার

ভারতের ভিসা এখন সহজ, জানালেন উপহাইকমিশনার

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসাপ্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন প্রচুর ভিসা ইস্যু করছে বলেও জানান তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের উপহাইকমিশনার। পরে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

উপহাইকমিশনার পবনকুমার বাধে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জানান, টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে তার দপ্তর বাংলাদেশ ও ভারতের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এ উদ্যোগে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতাও চান তিনি।

যৌথ টাস্কফোর্সের ওপর গুরুত্ব

এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে যৌথ টাস্কফোর্স কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি সম্ভাবনাময় ও উদীয়মান বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

Social Icons