GULF BANGLA বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন +880 1755727432
Home / অর্থনীতি ও বাণিজ্য / অর্থনীতি / সর্বজনীন পেনশনে নতুন সুবিধা, নমিনির বয়সসীমা বাড়ল

সর্বজনীন পেনশনে নতুন সুবিধা, নমিনির বয়সসীমা বাড়ল

সর্বজনীন পেনশনে নতুন সুবিধা, নমিনির বয়সসীমা বাড়ল

পেনশনারের মৃত্যুর পর স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর করা হয়েছে। আগে এই সুবিধা পাওয়ার বয়সসীমা ছিল ৭৫ বছর। ফলে এখন থেকে পেনশনার মারা গেলে তার স্বামী বা স্ত্রী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান বিষয়টি সাংবাদিকদের জানান।

নমিনির বয়সসীমা ৮০ বছর

জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, পেনশনার নিজে আজীবন পেনশন পাবেন। তার মৃত্যুর পর স্বামী বা স্ত্রী নির্ধারিত নিয়ম অনুযায়ী ৮০ বছর বয়স পর্যন্ত পেনশন সুবিধা পাবেন। এর আগে এই বয়সসীমা ছিল ৭৫ বছর।

‘প্রগতি’ স্কিমে নতুন কর্মীরা

সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বিস্তৃত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারি মালিকানাধীন বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের যেসব কর্মী প্রচলিত সরকারি পেনশন ব্যবস্থার আওতায় নেই, তাদের ‘প্রগতি’ স্কিমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বর্তমানে ‘প্রগতি’ স্কিম মূলত বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য চালু রয়েছে।

ইসলামিক পেনশন চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় শরিয়াহভিত্তিক বা ইসলামিক পেনশন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের জন্য পেনশন তহবিলে ১১ দশমিক ৭২ শতাংশ মুনাফা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পেনশনের বয়স ৫৫ করার সিদ্ধান্ত হয়নি

সর্বজনীন পেনশন পাওয়ার বয়স বর্তমানে ৬০ বছর। এটি কমিয়ে ৫৫ বছর করার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি একচুয়ারিয়াল বিশ্লেষণের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

এ ছাড়া পাঁচ বছর চাঁদা দেওয়ার পর জমা অর্থ তুলে নিয়ে কর্মসূচি থেকে বের হওয়ার সুযোগ, পেনশন তহবিল থেকে ঋণ এবং স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

Social Icons