চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দরজার তালা ভেঙে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে। পরে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে এ ঘটনা ঘটে।
১১ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
পরিবারের সদস্য জুবাইদুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়।
তিনি জানান, ডাকাতেরা সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির জন্য ঘরে রাখা আড়াই লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
জুবাইদুল ইসলাম আরও বলেন, ডাকাতেরা দীর্ঘ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।
মারধরের অভিযোগ
প্রবাসী খোরশেদুল আলম বলেন, ডাকাতেরা ঘরে ঢুকেই তার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। তিনি বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
