পারিবারিক সংকট, মা-ছেলের সম্পর্কের টানাপড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এতে রিফাত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। চরিত্রটির জন্য প্রশংসাও পাচ্ছেন এই অভিনেতা।
মা-ছেলের সম্পর্ক ও আত্মত্যাগের গল্প
মায়ের মমতা, ভালোবাসা ও সমাদর পাওয়ার জন্য একজন মানুষ কতটা দূর যেতে পারেন, আর সেই ভালোবাসার জন্য একজন সন্তান কতটা ত্যাগ স্বীকার করতে পারেন, এমন কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে নাটকটিতে।
‘আপন পর’-এ রিফাতকে দেখা যায় ছোটবেলা থেকেই তীব্র মাতৃস্নেহের অভাবে বেড়ে উঠতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সৎমায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও তার মধ্যে বাড়তে থাকে। কিন্তু মায়ের ‘আপন’ ছেলের মতো সমাদর কখনোই পায় না সে। ফলে একসময় মানসিকভাবে নিঃস্ব হয়ে পড়ে রিফাত।
গল্পের একপর্যায়ে মায়ের একটি চাওয়া পূরণ করতে গিয়ে ত্যাগের সিদ্ধান্ত নেয় রিফাত। তার সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে সামনে আসে মা-ছেলের সম্পর্ক, ভালোবাসা ও আত্মত্যাগের নানা দিক।
বিজরীর অভিনয়েও প্রশংসা
নাটকে রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর পর্দায় এই অভিনেত্রীকে দেখে উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা। নাটকটির গল্পে মা-ছেলের সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি বিজরীর অভিনয়ও দর্শকের নজর কেড়েছে।
প্রথমবার তৌসিফ-সাদনিমা জুটি
মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এই জুটিও দর্শকের প্রশংসা পাচ্ছে।
নাটকে ব্যবহৃত হয়েছে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গান। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।
প্রকাশের পর অনলাইনে দর্শকের আগ্রহও বাড়ছে। এখন পর্যন্ত ‘আপন পর’ দেখা হয়েছে ৮৪ লাখবার।
