প্রাচীন বাংলার রূপকথায় পরিচিত ‘প্রাণভোমরা’ মিথকে আধুনিক ভালোবাসা, আবেগ ও রহস্যের সঙ্গে মিলিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ ‘প্রাণভোমরা’।
জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় আইস্ক্রিন অরিজিনাল হিসেবে নির্মিত হচ্ছে সিরিজটি। এটি হতে যাচ্ছে একটি সাইকোলজিক্যাল মিথোলজিক্যাল থ্রিলার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইয়ের স্টুডিও বারান্দায় সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা তৌসিফ মাহবুব ও অভিনেত্রী শ্রেয়সী শ্রেয়া।
এর আগে আইস্ক্রিনে ‘চক্র’ ও ‘চক্র ২’ নির্মাণ করে দর্শকদের মধ্যে সাড়া ফেলেন ভিকি জাহেদ। এবার তিনি সম্পূর্ণ ভিন্ন আবহ ও গল্প নিয়ে হাজির হচ্ছেন ‘প্রাণভোমরা’ নিয়ে।
রূপকথার মিথ থেকে আধুনিক রহস্যের গল্প
‘প্রাণভোমরা’র গল্পে প্রাচীন বাংলার পরিচিত মিথকে আধুনিক সময়ের ভালোবাসা, সম্পর্ক, আবেগ ও মনস্তাত্ত্বিক রহস্যের সঙ্গে যুক্ত করা হয়েছে।
রূপকথায় যেমন রাক্ষস-খোক্ষসের প্রাণ কোনো রহস্যময় ভোমরার মধ্যে লুকিয়ে থাকার কথা বলা হতো, তেমনি এই সিরিজেও ‘প্রাণভোমরা’কে ভালোবাসার প্রতীক হিসেবে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
মানুষের শরীর একসময় হারিয়ে যেতে পারে, কিন্তু তার অনুভূতি, আবেগ কিংবা ভালোবাসা কি কখনো শেষ হয়ে যায়? অতীত কি ভালোবাসার টানে আবার ফিরে আসতে পারে? এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজবে সিরিজটির গল্প।
নির্মাণ সংশ্লিষ্টরা জানান, ছোটবেলায় শোনা ‘প্রাণভোমরা’র গল্পের সঙ্গে এই সিরিজের সরাসরি মিল নেই। বরং পরিচিত সেই মিথকে সম্পূর্ণ নতুন প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে।
ভালোবাসা ও রহস্যের গল্পে নতুন জুটি
সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, “‘প্রাণভোমরা’ নামটা শুনলেই বোঝা যায়, এখানে প্রাণ ও হৃদয়ের ব্যাপার আছে। চরিত্রগুলো ভালোবাসার কথা বলবে। আমরা দুনিয়াতে যেভাবে কথা বলতে চাই, চরিত্রগুলোও সেভাবেই কথা বলবে।”
তিনি আরও বলেন, আইস্ক্রিনের কনটেন্ট দর্শক পছন্দ করায় ধারাবাহিকভাবে নতুন সিরিজের কাজ হচ্ছে।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, “যে গল্পগুলো অন্য প্রযোজকরা নির্মাণ করতে সাহস পেতেন না, সেগুলো চ্যানেল আই করেছে। এজন্য চ্যানেল আই ও আইস্ক্রিনের সঙ্গে আমার একাধিক কাজ হয়েছে।”
তিনি জানান, ‘প্রাণভোমরা’ একটি রোমান্টিক মিথোলজিক্যাল থ্রিলার। জীবনের নানা ঘটনার মধ্যেই রহস্য রয়েছে বলেই এ ধরনের গল্প তাকে আকর্ষণ করে।
তৌসিফ-শ্রেয়সীর অভিনয়
‘প্রাণভোমরা’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও শ্রেয়সী শ্রেয়া। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে থাকছেন ইন্তেখাব দিনারসহ কয়েকজন পরিচিত অভিনেতা-অভিনেত্রী।
তৌসিফ মাহবুব বলেন, তিনি সবসময় ভালো কাজের সুযোগ খোঁজেন এবং ভিকি জাহেদের সঙ্গে কাজের সুযোগ মিস করতে চান না। নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টিকেও তিনি ইতিবাচকভাবে দেখেন।
অন্যদিকে, ‘প্রাণভোমরা’ দিয়ে প্রথমবার ওটিটিতে অভিষেক হচ্ছে শ্রেয়সী শ্রেয়ার। তিনি বলেন, এই সুযোগ তার জন্য বড় পাওয়া। চরিত্রের জন্য তিনি গ্রুমিং ও ট্রেনিংয়ের মধ্য দিয়ে গেছেন এবং নিজের প্রস্তুতিতে পরিবর্তন এনেছেন।
অক্টোবরে শুরু শুটিং
সিরিজটির শুটিং আগামী অক্টোবর মাসে শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শেষ হওয়ার পর খুব শিগগিরই আইস্ক্রিন ওটিটি প্ল্যাটফর্মে ‘প্রাণভোমরা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ও প্রযোজনা সংশ্লিষ্টরা।
