ফেনী সফরে যাওয়ার পথে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে ফুল দিয়ে বর্ণিল শুভেচ্ছা জানিয়েছেন দলটির হাজারো নেতাকর্মী। সাইনবোর্ড থেকে শুরু করে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত মহাসড়কের মোড়ে মোড়ে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও ফুল হাতে অবস্থান নেন বিএনপির ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর গাড়িবহর নারায়ণগঞ্জ এলাকা অতিক্রম করে। সকাল ৯টা ৫৮ মিনিটের দিকে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকা পার হওয়ার সময় মহাসড়কের দুপাশে অবস্থানরত নেতাকর্মীরা হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাঁকে অভিবাদন জানান। এ সময় বেশ কয়েকটি স্থানে বহরের ওপর ফুল ছিটিয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফেনীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। দিনব্যাপী এই সফরে তিনি ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে আয়োজিত বিভিন্ন সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সফরকে কেন্দ্র করে বন্দর উপজেলার মদনপুর এলাকায় নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আড়াইহাজারের সর্বস্তরের জনগণ প্রমাণ করেছে যে আড়াইহাজার তারেক রহমানের মূল ঘাঁটি। দূরত্ব উপেক্ষা করে সাধারণ মানুষ ও সাচ্চা কর্মীরা তাঁদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সড়কে নেমে এসেছে।
প্রধানমন্ত্রীর এই যাত্রাপথে নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের জনপ্রতিনিধি ও স্থানীয় শীর্ষ নেতারা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অনুসারীদের নিয়ে উপস্থিত ছিলেন।
